সেনবাগে কাজী মফিজুর রহমানের পক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তাঁর সমর্থিত নেতাকর্মীরা এই ফরম সংগ্রহ করেন।
কাজী মফিজুর রহমান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্বশীল সূত্র মতে, তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সেনবাগ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সহকারী রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের কাছে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, কাজী মফিজুর রহমানের মনোনয়ন ফরম সংগ্রহের খবরে সেনবাগ ও সোনাইমুড়ীর একাংশের নেতাকর্মীদের মধ্যে নতুন করে নির্বাচনী আমেজ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
