সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান; বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘ইস্কাফ’ সিরাপ জব্দ করেছে বিজিবি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অনন্তপুর বিওপির আওতাধীন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ধাওয়া খেয়ে মালামাল ফেলে চম্পট
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল সীমান্ত সংলগ্ন নাগরাজ নামক স্থানে অবস্থান নেয়। অভিযান চলাকালীন কতিপয় সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এসময় চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকের মূল্য ও আইনি পদক্ষেপ
সংশ্লিষ্ট ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়, জব্দকৃত ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপের বাজারমূল্য আনুমানিক ৩৯,২০০ টাকা। এই মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জিরো টলারেন্স নীতিতে বিজিবি
১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে বিজিবি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
