সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: মাদকসহ দুই ভারতীয় নাগরিক আটক
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সীমান্ত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মাদকবিরোধী এক অভিযানে তাদের আটক করা হয়।
মাদকবিরোধী অভিযান ও গ্রেফতার
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে মাদক বিক্রির খবর পেয়ে পুলিশের একটি দল অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ভারতীয় নাগরিক আখিরুল খন্দকার (২২) ও ফারুক আলী (২২)-কে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা জনৈক স্থানীয় মাদক কারবারিকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আটককৃত দুই ভারতীয় নাগরিকের বাড়ি ভারতের কোচবিহার জেলায়।

পুলিশের বক্তব্য ও আইনি প্রক্রিয়া
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ হাসান নাঈম জানান, উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে আটককৃত দুই ভারতীয় নাগরিককে বিজিবির মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, ইয়াবাসহ আটককৃত স্থানীয় মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
