সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি ঘোষণা; শিক্ষা ও সমাজসেবায় নতুন অঙ্গীকার
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত ‘সালেহা-আমিন ফাউন্ডেশন’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২২ মার্চ) বসুরহাট বাজারের আমিন মার্কেটে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।
কমিটির নেতৃত্বে যারা আছেন
নবগঠিত এই কমিটিতে চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন ডাঃ মাহবুব রসুল এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট আশেক-ই-রসুল-কে।
উল্লেখ্য, অ্যাডভোকেট আশেক-ই-রসুল ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-সম্পাদক এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য
মরহুম আমিনুর রসুল ও মরহুমা সালেহা বেগমের স্মৃতি রক্ষার্থে এবং সমাজকল্যাণমূলক কাজ পরিচালনার উদ্দেশ্যে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রথম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান করা হবে। এ ছাড়াও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
বক্তাদের প্রত্যাশা
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, সালেহা-আমিন ফাউন্ডেশন ভবিষ্যতে শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলার মানুষের পাশে দাঁড়াবে এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।
