সার্ক কৃষি কেন্দ্রের ১৭তম গভার্নিং বোর্ড সভা শুরু
দুই দিনের সভায় সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা, চেয়ারম্যানের দায়িত্ব নেপালের হাতে

ঢাকা:
কৃষি গবেষণা ও উন্নয়ন খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্রের ১৭তম গভার্নিং বোর্ড সভা আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সভায় সার্কভুক্ত দেশগুলোর উচ্চ পর্যায়ের নীতিনির্ধারক, কৃষি গবেষক ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম, সার্ক সচিবালয়ের (কাঠমাণ্ডু) পরিচালক তানভীর আহমেদ তরফদার এবং সার্কভুক্ত একাধিক দেশের হাইকমিশনার ও দূতাবাসের প্রতিনিধিরা।
আঞ্চলিক ঐক্য ও খাদ্য নিরাপত্তার গুরুত্ব
সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ তাঁর স্বাগত বক্তব্যে বলেন, “দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই চর্চা, খাদ্য নিরাপত্তা এবং আঞ্চলিক জ্ঞান বিনিময়ে সার্ক কৃষি কেন্দ্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন ও নানা চ্যালেঞ্জের মুখে কৃষিখাতকে টেকসই ও উদ্ভাবনী পথে এগিয়ে নিতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার বলেন, “দক্ষিণ এশিয়ার কৃষিই আমাদের অর্থনীতির মেরুদণ্ড। শহরায়ন, পুষ্টি ঘাটতি, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন আমাদের বড় চ্যালেঞ্জ। টেকসই উন্নয়ন ও কৃষি জ্ঞান ছড়িয়ে দিতে এই গভার্নিং বোর্ড সভা আঞ্চলিক ঐক্য ও সহযোগিতার প্রতীক।”
ভার্চুয়ালি যুক্ত হয়ে মালদ্বীপের প্রতিনিধি আলী আমীর বলেন, “আঞ্চলিক সংহতি ও সহযোগিতাই দক্ষিণ এশিয়ার কৃষিক্ষেত্রে অগ্রগতির চাবিকাঠি।”

নেপালের কাছে চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর
সভার কারিগরি অধিবেশনে গভার্নিং বোর্ডের চেয়ারম্যানের পদ মালদ্বীপের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নেপালের হাতে হস্তান্তর করা হয়। নতুন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবনাম শিবাকোটি।
এই সভায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা সরাসরি উপস্থিত ছিলেন, অন্যদিকে ভারত, ভুটান, মালদ্বীপ ও পাকিস্তানের সদস্যবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হন। দুই দিনের এই কর্মসূচিতে সদস্য দেশগুলো কৃষি উন্নয়ন বিষয়ক অগ্রগতি পর্যালোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই কৃষির কৌশল গ্রহণ করবে।
