সরকারি গাছ কেটে আত্মসাতের অভিযোগ; উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত দাবি
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে একটি মূল্যবান গাছ কেটে আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণ ও ক্ষয়ক্ষতি
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ভোরে খড়িবাড়ী হাট বাজারের পূর্ব পাশে অবস্থিত একটি বৃহৎ আকৃতির সরকারি কড়াই গাছ অবৈধভাবে কেটে ফেলা হয়। স্থানীয়রা জানান, রাবাইতারী গ্রামের মোহাম্মাদ আলী (ক্লে) এবং নওদাবস গ্রামের মোঃ মোশারফ হোসেন দুলাল কয়েকজন শ্রমিক নিয়ে গাছটি কর্তন করেন। গাছটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০,০০০ (আশি হাজার) টাকা। আত্মসাতের উদ্দেশ্যে গাছটি ইতোমধ্যে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয়দের দাবি।

অভিযুক্তদের পরস্পরবিরোধী বক্তব্য
গাছ কাটার বিষয়ে মোশারফ হোসেন দুলাল জানান, নির্মাণকাজের সুবিধার্থে গাছটি কাটা হয়েছে। অন্যদিকে, বাজারের ইজারাদার মোহাম্মাদ আলী ক্লে মুঠোফোনে জানান, “গাছ কর্তনের বিষয়ে আমি কিছু জানি না। মোশারফ হোসেন আমার হাট-বাজার দেখাশোনা করেন, আমি খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।”
প্রশাসনের আশ্বাস
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আকতার বলেন, “একটি সরকারি গাছ কর্তনের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
