শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচির আয়োজন করেন বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।
খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
আয়োজক সূত্রে জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে এলাকার দরিদ্র, অসহায়, পথশিশু এবং সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে উন্নতমানের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিশেষ করে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষের ঈদ আনন্দ নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই আনন্দ ভাগাভাগি করা। এতে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ সুদৃঢ় হয়।”
ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি প্রত্যাশা
সুবিধাভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে নীরবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছেন। পৌরবাসীরা প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতে তিনি দায়িত্বশীল অবস্থানে (মেয়র) নির্বাচিত হলে গরিব ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে আরও ব্যাপক ভূমিকা রাখবেন। বিশেষ করে শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে তাঁর ওপর আস্থা রাখছেন স্থানীয়রা।
উপস্থিতিবৃন্দ
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বাহাদুর, শ্রমিক নেতা নাজিমসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
