শীর্ষ কর্মকর্তাকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল; জেলাজুড়ে তোলপাড়

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ২৯ সেকেন্ডের একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ে স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইউএনও’র দাবি: এআই প্রযুক্তির অপপ্রয়োগ

ভিডিওটির সত্যতা অস্বীকার করেছেন ইউএনও মো. আলাউদ্দিন। তিনি দাবি করেন, শত্রুতাবশত কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তাকে জড়িয়ে এই মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। একটি গণমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, তার আগের কর্মস্থলে সৃষ্ট কিছু বিরোধের জেরে প্রতিপক্ষের কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন এবং আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

কর্মস্থল ত্যাগ ও প্রশাসনের অবস্থান

স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সোমবার সকালে ইউএনও তার কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, ইউএনও সোমবার সকালে তার দপ্তরে ছুটির আবেদন জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

তদন্তের অপেক্ষায় এলাকাবাসী

ইউএনও কার্যালয়ের একাধিক কর্মকর্তা ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করলেও ভিডিওতে থাকা নারীর পরিচয় বা ঘটনার প্রকৃত সত্যতা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়ভাবে কেউ কেউ একে ‘হানিট্র্যাপ’ বলে ধারণা করলেও প্রশাসনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *