শম্ভুগঞ্জ থেকে ১২ লাখ টাকার ভারতীয় জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার

রাশেদ আহমেদ নিসর্গ , ময়মনসিংহ

ময়মনসিংহ মহানগরের শম্ভুগঞ্জ এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ গ্রেফতার হওয়া ৩৩নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বডি মাসুদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার রঘুরামপুর টানপাড়া এলাকা থেকে ১২ লাখ টাকা মূল্যের এই চোরাচালানের মালামাল উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই রুদ্ধশ্বাস অভিযানে মাসুদের বসত বাড়ির গোডাউন থেকে ৩০ কেজি ওজনের ৪০ বস্তা (১২০০ কেজি) ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ শিবিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাসুদের বিরুদ্ধে চোরাচালান ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে অবৈধ পথে মালামাল আনা রোধে জেলা পুলিশ সুপার কামরুল হাসানের নির্দেশে জেলাজুড়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এদিকে, বিপুল পরিমাণ অবৈধ জিরা উদ্ধারের এই ঘটনায় শম্ভুগঞ্জ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে অবৈধ চোরাচালান অনেকাংশেই কমে আসবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *