রেকর্ড গড়লেন “তাজু ভাই ২.০”: মাত্র ৮ দিনে ১ মিলিয়ন ফলোয়ার!

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর মোঃ তাইজুল ইসলাম, যিনি নেটিজেনদের কাছে ‘তাজু ভাই ২.০’ নামে পরিচিত। মাত্র ৮ দিনের ব্যবধানে তাঁর ফেসবুক পেজে ১০ লাখের (১ মিলিয়ন) বেশি অনুসারী যুক্ত হয়েছে, যা উত্তরাঞ্চলের কোনো কনটেন্ট ক্রিয়েটরের জন্য দ্রুততম ফলোয়ার বৃদ্ধির এক বিরল দৃষ্টান্ত।

যেভাবে শুরু ও ভাইরাল হওয়ার নেপথ্য

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরের এই তরুণ জুন ২০২৫ থেকে ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন। দীর্ঘ ৭ মাস নিরলস কাজ করেও তেমন সাফল্য না পেলেও দমে যাননি তিনি। তাঁর ভাগ্য বদলে যায় গত ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবসের একটি ভিডিওর মাধ্যমে। ওই ভিডিওতে তিনি জিলাপির সরকারি দাম নিয়ে অতি সাধারণ ভাষায় প্রশ্ন তুলেছিলেন। ২৮ মার্চ বিকেল থেকে ভিডিওটি বিদ্যুৎবেগে ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়)।

৩ হাজার থেকে ১০ লাখে উত্তরণ

ভিডিওটি ভাইরাল হওয়ার আগে তাজুর পেজে ফলোয়ার ছিল মাত্র ৩ হাজার। কিন্তু মানুষের অকৃত্রিম ভালোবাসা ও গ্রামীণ স্বাদের উপস্থাপনায় মাত্র ৮ দিনেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ লাখের ঘর। হাতে লম্বা বুম নিয়ে পেশাদার সাংবাদিকদের ভঙ্গিতে এলাকার সমস্যা ও সামাজিক বাস্তবতা তুলে ধরাই তাঁর জনপ্রিয়তার মূল চাবিকাঠি।

সহজ-সরল উপস্থাপনায় বাজিমাত

তাজুর ভিডিওর প্রধান আকর্ষণ হলো তাঁর সহজ-সরল ভাষা এবং গ্রামীণ স্টাইল। তিনি সাধারণ মানুষের মনের কথাগুলো সাবলীলভাবে বলতে পারেন বলেই নেটিজেনরা তাঁকে লুফে নিয়েছে। স্থানীয়দের মতে, তাজুর এই অর্জন কুড়িগ্রামের জন্য গর্বের বিষয়। তবে রাতারাতি তারকা বনে গেলেও তাঁর ব্যক্তিগত আর্থিক অবস্থার এখনো তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে জানা গেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *