সাদ্দাম উদ্দিন রাজ, নোয়াখালী

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল নামে এক চালক নিহত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে ওই সড়কের মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্সের চালকের বাড়ি সিলেটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০টায় এনা পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অ্যাম্বুলেন্সের চালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও ৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশের তৎপরতা
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক বাসটি জব্দ করে। তবে দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানা গেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
