রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজানের শিক্ষা ও আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বাদ আসর কবিরহাট উপজেলার তেঁতুলতলা এলাকার শিরীন গার্ডেনের সহিদ হলে এই প্রীতিভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রাজনৈতিক সম্প্রীতির মিলনমেলা

উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইসমাইল হোসেন মানিক এবং কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল এবং পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন। এছাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির মোঃ ইলিয়াসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

“পরিচয় একটাই, আমরা মুসলিম”

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজানে আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। কোনো নির্দিষ্ট দল বা শ্রেণির গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে সকল স্তরের মানুষকে নিয়ে একত্রিত হওয়ার মাধ্যমে একে অপরের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা বৃদ্ধি পায়। তাঁরা আরও বলেন, “দুনিয়াতে আমরা বিভিন্ন দলে বিভক্ত থাকতে পারি, কিন্তু মূলত আমাদের পরিচয় একটাই—আমরা ইসলাম ধর্মের অনুসারী। ভবিষ্যতেও এই মিলেমিশে থাকার পরিবেশ বজায় রাখতে হবে।”

দেশ ও জাতির জন্য দোয়া

ইফতারের আগে উপস্থিত সকলে মিলে মুসলিম উম্মাহ ও মানবজাতির কল্যাণ এবং বাংলাদেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত শেষে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *