যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বুধবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ
সকাল ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা প্রশাসন, ফুলবাড়ী থানা পুলিশ ও বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। এরপর ফায়ার সার্ভিস, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, উপজেলা প্রেসক্লাব, প্রেসক্লাব ফুলবাড়ী, মহিলা ডিগ্রি কলেজ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৭টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ ও জাতীয় পতাকা উত্তোলন
সকাল ৯টায় জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আকতার। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মজিবর রহমান। পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শিত হয়।
মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও প্রীতি ফুটবল
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া বেলা ১১টায় স্থানীয়দের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
