মাদারগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় পৌর বিএনপির দোয়া
আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজ শেষে পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে চর বওলা প্রামাণিক বাড়ি জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপস্থিত নেতৃবৃন্দ
দোয়া মাহফিলে মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন:
- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মোখলেস।
- ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম গেদা মেম্বার।
- পৌর বিএনপির কোষাধ্যক্ষ মো. মিন্টু মিয়া।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ কে ফজলুল হক হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোতালেব খোকন।
- মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান রাজু ও যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম লিমন।
- উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব গোলাম মোস্তফা এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান নান্নু। এছাড়াও উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল এবং কৃষকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী মোনাজাতে অংশ নেন।
বক্তাদের স্মৃতিচারণ
মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল গফুর তাঁর বক্তব্যে বলেন, “দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, সুশাসন এবং নারীর ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রাজনৈতিক অঙ্গনে তাঁর এই অভাব কখনো পূরণ হবার নয়।”
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষার লড়াইয়ে আজীবন সংগ্রাম করে গেছেন।”
দোয়া ও মোনাজাত
চর বওলা প্রামাণিক বাড়ি জামে মসজিদের ইমামের পরিচালনায় অনুষ্ঠিত এই বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।
