মহাসড়কের একাংশ বন্ধ করে বিএনপির প্রার্থীর নির্বাচনী সভা: যানজটে দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের একাংশ বন্ধ করে নির্বাচনী পথসভা করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী নুরুল আমিন। আজ বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলা সদরের পথচারী–সেতুর দক্ষিণ পাশে চট্টগ্রামমুখী লেনে এই পথসভা শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় শেষ হয়। এর ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েন।
যানজট ও পুলিশের ব্যবস্থা
পথসভার কারণে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ সঙ্গে সঙ্গে ঢাকামুখী লেন দিয়ে চট্টগ্রামমুখী গাড়ি চলাচলের ব্যবস্থা করে। তবে দুই লেনের গাড়ি এক লেন দিয়ে চলাচল করায় সড়কে গাড়ির চাপ বাড়ে এবং যান চলাচলে ধীরগতি দেখা দেয়। এর জেরে সড়কের উত্তর দিকের অছি মিয়া সেতু থেকে দক্ষিণ দিকের ডাকবাংলা এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।
মহাসড়কে আটকে থাকা কাঠবাহী একটি ট্রাকের চালক মো. শহিদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাজনৈতিক সভার জন্য যানজটে আমি প্রায় ৩০ মিনিট একই জায়গায় আটকে ছিলাম। মহাসড়ক বন্ধ করে দিয়ে রাজনৈতিক কর্মসূচি কাম্য হতে পারে না।”
প্রার্থী ও পুলিশের বক্তব্য
- নুরুল আমিন: মহাসড়কের এক পাশে গাড়ি চলাচল বন্ধ থাকায় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের কাছে দুঃখ প্রকাশ করে প্রার্থী নুরুল আমিন বলেন, “আজ আমরা মিরসরাই পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। তবে পথসভায় অতিরিক্ত জনসমাগম হওয়ায় অল্প কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটেছে।”
- মিরসরাই থানার ওসি: ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, প্রার্থী ফুটপাতে সভা করার অনুমতি নিয়েছিলেন, কিন্তু লোকজনের ভিড়ের কারণে মহাসড়কের একাংশ বন্ধ হয়। তিনি বলেন, ভবিষ্যতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমরা মহাসড়কে সভা-সমাবেশ না করে মাঠে করার জন্য পরামর্শ করব।
দলীয় ঐক্যের আহ্বান
পথসভায় নুরুল আমিন বলেন, “প্রার্থী ঘোষণার আগপর্যন্ত মিরসরাইয়ে বিএনপিতে আমরা হয়তো কিছুটা বিভক্ত ছিলাম। এখন আমরা ধানের শীষের জন্য একসঙ্গে লড়ব।” তিনি উপস্থিত সবাইকে জনে জনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এতে আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন প্রমুখ।
