মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচি পালন
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে।
শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজ
স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
স্মৃতিস্তম্ভে রাজনৈতিক নেতৃবৃন্দের শ্রদ্ধা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। এর আগে সকালে সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার এবং সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আবদুল হান্নান লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা, সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল, যুগ্ম আহ্বায়ক চান্দন হোসেন রাজুসহ উপজেলা ও পৌর যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা।
দেশ গঠনের আহ্বান
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা স্বাধীনতার প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
