আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কো ও এর পার্শ্ববর্তী অঞ্চলে গত দুই বছরের মধ্যে অন্যতম বৃহত্তম ও ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই ভয়াবহ হামলায় অন্তত একজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস ও রিয়া নভোস্তি এই তথ্য নিশ্চিত করেছে।
বড় ধরনের ড্রোন হামলা ও হতাহতের বিবরণ
রুশ কর্তৃপক্ষ জানায়, গত রাতে মস্কো ও এর আশপাশের এলাকায় প্রায় ৬৫০টি ড্রোনের সমন্বিত এই ব্যাপক হামলা চালানো হয়। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, মস্কোর উপকণ্ঠের একটি গ্রামে ড্রোন হামলায় ২০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এছাড়া হামলায় বেশ কয়েকটি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন স্থানে আহত হয়েছেন অন্তত ছয়জন সাধারণ নাগরিক।
পাল্টাপাল্টি দূরপাল্লার হামলা ও শীতকালীন শঙ্কা
সাম্প্রতিক সময়ে ইউক্রেন ও রাশিয়া উভয়েই একে অপরের বিরুদ্ধে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। এসব হামলায় উভয় দেশেরই জ্বালানি সরবরাহ কেন্দ্র, পরিবহন ব্যবস্থা, বন্দর অবকাঠামো, শিল্প ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হচ্ছে। এমনকি কৃষ্ণ সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজেও হামলার ঘটনা ঘটেছে।
এদিকে রুশ সূত্র জানিয়েছে, আসন্ন শীতকালকে সামনে রেখে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা আরও বাড়ানোর পরিকল্পনা করছে মস্কো।