ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শিক্ষাবৃত্তি প্রদান এবং জবফেয়ারের আয়োজন করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
দক্ষকর্মী গড়ে তোলার আহ্বান
সকালে টিটিসি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে টিটিসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান।
তিনি বলেন, “মানুষ এখন গ্লোবাল সিটিজেনে পরিণত হয়েছে। প্রবাসযাত্রার আগে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। ভাষাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। প্রযুক্তিগত উন্নয়নের এই যুগে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে আমাদের যুবসমাজ আর্থিকভাবে অধিক লাভবান হতে পারবে।” তিনি দক্ষ কর্মী গড়ে তুলতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

পুরস্কার ও সম্মাননা প্রদান
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এছাড়া প্রবাসী কল্যাণে বিশেষ অবদান রাখায় নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. মাহফুজ-উল-আদিব প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যাবলী নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
উপস্থিত ব্যক্তিবর্গ ও জবফেয়ার
টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরোয়ার্দী হোসেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে টিটিসি চত্বরে আয়োজিত প্রবাসী মেলা ও জবফেয়ারে উৎসুক মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় প্রবাস সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবার বিষয়ে সাধারণ মানুষকে ধারণা প্রদান করা হয়।
