ময়মনসিংহে খেজুর বরাদ্দ নিয়ে ‘রেড জুলাই’–এর প্রশ্ন; জেলা প্রশাসকের দপ্তরে লিখিত আবেদন
জাহিদ হাসান রনক

পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের জন্য সরকারি খেজুরের বরাদ্দ ও বিতরণ সংক্রান্ত বিষয় নিয়ে ময়মনসিংহে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে খেজুরের সঠিক গন্তব্য জানতে এবং অসহায়দের মাঝে বিতরণের জন্য বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের দপ্তরে যোগাযোগ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘রেড জুলাই’ (Red July) ময়মনসিংহ জেলা কমিটি।
বরাদ্দের বিষয়ে ধোঁয়াশা ও প্রশাসনের বক্তব্য
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত ৯ মার্চ তারা খেজুর বিতরণের বিষয়ে তথ্য জানতে ময়মনসিংহ জেলা প্রশাসকের দপ্তরে যোগাযোগ করেন। রেড জুলাইয়ের দাবি অনুযায়ী, সে সময় জেলা প্রশাসকের দপ্তর থেকে জানানো হয় যে, খেজুর বিতরণ সংক্রান্ত নির্দিষ্ট কোনো বিষয়ে তারা অবগত নন। এছাড়া জেলা প্রশাসক একটি সভায় ব্যস্ত থাকায় সংগঠনের প্রতিনিধিরা তাঁর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাননি।
লিখিত আবেদন ও রেড জুলাইয়ের উদ্যোগ
এদিকে পবিত্র রমজান মাসে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী হিসেবে বিতরণের লক্ষ্যে রেড জুলাই ময়মনসিংহ জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনে মানবিক সহায়তা হিসেবে সংগঠনের জন্য কিছু খেজুর বরাদ্দের অনুরোধ জানানো হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, “যদি সরকারি বরাদ্দ পাওয়া যায়, তবে তা ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে অত্যন্ত স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়া হবে।”
সংশ্লিষ্ট খবর:সরকারি খেজুরের বরাদ্দ নিয়ে ডা. মাহমুদা মিতুর বিস্ফোরক স্ট্যাটাস; তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যমে
স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি
রেড জুলাই ময়মনসিংহ জেলা কমিটির পক্ষ থেকে অনুদান বা যেকোনো সরকারি সহায়তা বিতরণের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তারা মনে করেন, প্রকৃত প্রাপ্যদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া প্রশাসনের নৈতিক দায়িত্ব।
