ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জেলা প্রশাসকের আহ্বান, দুর্যোগ মোকাবেলায় জনগণকেও সচেতন ও প্রশিক্ষিত হতে হবে

স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ময়মনসিংহেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রশাসন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের আয়োজনে নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদরের উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের প্রতিনিধি এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

জনগণকে প্রস্তুত থাকার আহ্বান
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “আধুনিক প্রযুক্তি ও আগাম পূর্বাভাস ব্যবস্থার কারণে সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় ও বন্যায় প্রাণহানি অনেকাংশে কমে এসেছে। তবে জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের ধরন ও তীব্রতা দিন দিন বাড়ছে।”
তিনি আরও বলেন, “ভূমিকম্প ও অগ্নিকাণ্ড কোনো পূর্বাভাস ছাড়াই জনজীবনে দুর্ভোগ ডেকে আনে। এ জন্য শুধু সরকার নয়, জনগণকেও সচেতন ও প্রশিক্ষিত হয়ে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।”
আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হলে আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বাস্তব মহড়া প্রদর্শন করেন।
