ভুরভুরে বিলে মাটি বিক্রির মহা উৎসব: হুমকিতে আবাদি জমি

আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ভুরভুরে বিলে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে ফ্রেজার ও ভেকু বসিয়ে আবাদি জমির মাটি বিক্রির ‘মহা উৎসব’ চলছে। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক প্রভাবশালী চক্র আবাদি জমি থেকে মাটি উত্তোলন করায় পার্শ্ববর্তী ধানক্ষেতগুলো এখন ভাঙনের মুখে পড়েছে।

সরেজমিনে চিত্র

উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের পশ্চিম মোসলেমাবাদ ব্রিজ সংলগ্ন ভুরভুরে বিলে গিয়ে দেখা যায়, ভেকু দিয়ে দেদারসে মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, পশ্চিম মোসলেমাবাদ এলাকার নান্টু আকন্দের ছেলে আব্দুল আউয়াল ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মযজ্ঞ চালিয়ে আসছেন। বিল এলাকা হলেও পার্শ্ববর্তী জমিগুলোতে বছরে দুই থেকে তিনটি ফসল উৎপাদিত হয়, যা এখন হুমকির মুখে।

অসহায় ভুক্তভোগীদের আর্তনাদ

স্থানীয় প্রবাসী আমিনুর রহমান আক্ষেপ করে বলেন, “আমি প্রবাসে থাকি, বাড়িতে শুধু মা ও স্ত্রী থাকেন। প্রতিবাদ করতে গেলে আমাদের হুমকি-ধামকি দেওয়া হয়। পৈতৃক সূত্রে পাওয়া আবাদি জমিটুকু রক্ষার জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ চাই।”

একই সুর শোনা গেল অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব জিল্লুর রহমানের কণ্ঠেও। তিনি জানান, বাড়িতে তিনি ও তাঁর স্ত্রী একা থাকেন। ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকায় তাঁরা মাটি দস্যুদের কাছে চরম অসহায়। তাঁদের আবাদি জমিতে ধান চাষ করা হলেও পাশের মাটি কাটার কারণে জমিটি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

অভিযুক্ত ও প্রশাসনের বক্তব্য

অবৈধভাবে মাটি উত্তোলনের বিষয়ে ফ্রেজার মালিক আব্দুল আউয়ালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে এবং ভূমি অফিসের কোনো অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। দ্রুত সরেজমিনে তদন্ত করে অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *