বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে নারীকে গণধর্ষণ; থানায় মামলা দায়ের

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে এক স্বামী পরিত্যক্তা নারীকে (৩০) গণধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকায় একটি তরমুজ খেতের পাহারার টংঘরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেছেন।

যেভাবে পাতা হয়েছিল ফাঁদ

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তিন সন্তানের জননী। ব্যক্তিগত জীবনে প্রতিকূলতার মাঝে নতুন করে সংসার গড়ার আশায় তিনি পরিচিত একজনের মাধ্যমে এক সম্ভাব্য পাত্রের মোবাইল নম্বর পান। অভিযুক্ত ব্যক্তি খালার বাসায় নিয়ে যাওয়ার কথা বলে মঙ্গলবার সন্ধ্যায় ওই নারীকে আফাজিয়া বাজার এলাকা থেকে মোটরসাইকেলে তুলে নেয়।

টংঘরে আটকে রেখে নৃশংসতা

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিয়ের আশ্বাসে ওই নারীকে কলাপাড়া এলাকার একটি নির্জন তরমুজ খেতের পাহারার টংঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা আরও দুই সহযোগীসহ মোট তিনজন মিলে তাঁকে জোরপূর্বক আটকে রেখে রাতভর গণধর্ষণ করে। ঘটনার পর কোনোভাবে সেখান থেকে পালিয়ে এসে তিনি স্থানীয়দের বিষয়টি জানান এবং থানায় অভিযোগ দায়ের করেন।

সংশ্লিষ্ট খবর:অটোরিকশা ছিনতাই ও কিশোর খুনের রহস্য উদ্ঘাটন; আন্তঃজেলা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পুলিশি তৎপরতা ও আইনি ব্যবস্থা

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, “অভিযুক্তদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।”

নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। সচেতন মহলের মতে, বিয়ের প্রলোভনে নারীকে ফাঁদে ফেলে এমন নৃশংস ঘটনা সমাজের জন্য চরম উদ্বেগজনক। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *