বারহাট্টায় বিএনপির প্রতিবাদ মিছিল
বারহাট্টা প্রতিনিধি :
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫

প্রতিবাদ মিছিল:
বারহাট্টা প্রতিনিধি: নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বারহাট্টা শহরের প্রধান সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আসলাম আহমেদ খানের বাসভবনের সামনে কিছু সময় অবস্থান নিয়ে স্লোগান দেয়। পরে মিছিলটি বারহাট্টা মডেল মোড়ে গিয়ে স্থানীয় বিএনপি অফিসে শেষ হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত নেত্রকোনার বারহাট্টা উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও বর্তমানে একটি প্রবাসী সংবাদমাধ্যমের সাংবাদিক আসলাম আহমেদ খান এ ঘটনার সঙ্গে জড়িত। মিছিল চলাকালে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।বক্তারা বলেন, “আসলামের চামড়া তুলে নেবো”, “আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও” এ ধরনের স্লোগানে তারা প্রতিবাদ জানান।
বিএনপি নেতাদের দাবি, জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেনসহ এনসিপির শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্র সফরে গেলে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর ডিম নিক্ষেপ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে। এর প্রতিবাদেই এই কর্মসূচি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ কমল, সহ-সভাপতি মাহবুবুর আলম জানু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মজুমদার উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম ফকির, ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেল, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুরুল ইসলাম, বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্যসচিব তানভীর হাসান মুন্না প্রমুখ। উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।
