ফুলবাড়ীতে জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দুপুরে ফুলবাড়ী উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের আয়োজনে এই সংলাপ সম্পন্ন হয়।
সংলাপের মূল প্রতিপাদ্য ও অংশগ্রহণ
উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রজেক্ট অফিসার ঝরনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংলাপে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের ৩০ জন যুব সদস্য এবং উপজেলার ৩০ জন নারী কৃষক অংশগ্রহণ করেন। সংলাপে উপজেলা কৃষি অফিসের সহকারী কর্মকর্তাদের সাথে জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতির সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নারী কৃষকদের তালিকা ও ২০ দফা দাবি পেশ
সংলাপ অনুষ্ঠানের পূর্বে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যরা একটি জরিপের মাধ্যমে ১০৪৫ জন নারী কৃষকের একটি তালিকা প্রস্তুত করেন, যারা জলবায়ু সহনশীল টেকসই কৃষি নিয়ে কাজ করতে আগ্রহী। এই তালিকাটি আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। একই সাথে জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণের লক্ষে ২০ দফা সম্বলিত একটি দাবিনামা পেশ করা হয়।
কৃষি অফিসের আশ্বাস
সংলাপে উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম অ্যাক্টিভিস্টা সদস্যদের পেশকৃত দাবিনামা গুরুত্বের সাথে গ্রহণ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কৃষি অফিস তাদের সামর্থ্য অনুযায়ী এই দাবিনামা বাস্তবায়নে এবং টেকসই কৃষি চর্চায় সার্বিক সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
