পরকীয়ায় আসক্ত প্রবাসীর স্ত্রী ও প্রেমিক আটক; মায়ের জিম্মায় মুক্তি

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছেন অন্য এক প্রবাসী। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোনাইল ফকিরবাড়ী এলাকায় স্থানীয় জনতা তাঁদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনায় আটককৃতরা হলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী শাহিনের স্ত্রী রনি (২৫) এবং তারতাপাড়া এলাকার সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর (৩৯)।

পরকীয়া ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন সন্তানের জননী রনির সঙ্গে জাহাঙ্গীরের মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের অডিও-ভিডিও কলের মাধ্যমে এই সম্পর্ক গভীর হয়। আটক জাহাঙ্গীরের দাবি, রনি তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিদেশ থাকা অবস্থায় তাঁর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এই টাকার টানেই তিনি রনিকে বিয়ে করতে রাজি হয়ে দেখা করতে এসেছিলেন।

প্রথম স্ত্রীর আর্তনাদ ও আইনি জটিলতা

এদিকে জাহাঙ্গীরের প্রথম স্ত্রী মায়া আক্তার (৩৫) এক হৃদয়বিদারক অভিযোগ তুলেছেন। তিনি জানান, নিজে গার্মেন্টে চাকরি করে স্বামীকে বিদেশ পাঠিয়েছিলেন। কিন্তু বিদেশ গিয়ে জাহাঙ্গীর কোনো টাকা না পাঠিয়ে উল্টো তাঁর ছবি এডিট করে ব্ল্যাকমেইল ও মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। মায়া আক্তার বর্তমানে এক কন্যাসন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জামালপুর জেলা জজকোর্টে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলা (সি.আর মোকদ্দমা নং-৮৫/২০২৬) দায়ের করেছেন।

পুলিশি পদক্ষেপ

মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, পরকীয়ার ঘটনায় উভয়কেই থানা হেফাজতে নেওয়া হয়েছিল। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াজিউর রহমান জানান, আটক নারীকে তাঁর মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *