নোয়াখালী-২: সুলতান জাকারিয়ার গণসংযোগ ও অফিস উদ্বোধন
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া দিনভর নির্বাচনী সমাবেশ, গণসংযোগ ও অফিস উদ্বোধন করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি এসব কর্মসূচি পালন করেন।
নির্বাচনী সমাবেশ ও ছাত্রশিবিরের পিঠা উৎসব
শনিবার দুপুরে ছাতারপাইয়া ইউনিয়নের আয়োজন কমিউনিটি সেন্টারে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মনির হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুলতান মুহাম্মদ জাকারিয়া।
এর আগে সকালে কাদরা ইউনিয়নের মগুয়া এমএ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন তিনি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শিবিরের কেন্দ্রীয় নেতা ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার এবং নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম।
বক্তব্য ও সাংগঠনিক নির্দেশনা
সুলতান মুহাম্মদ জাকারিয়া তাঁর বক্তব্যে বলেন, “বিগত জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে আগামী নির্বাচনে ১০ দলীয় জোটকে বিজয়ী করতে হবে। ছাত্র-জনতা যেভাবে জুলাই আন্দোলনে ত্যাগ স্বীকার করেছে, ঠিক একইভাবে নির্বাচনেও জোটের প্রার্থীদের বিজয়ী করে তবেই আমাদের ঘরে ফিরতে হবে।”

গণসংযোগ ও অফিস উদ্বোধন
সমাবেশ শেষে বিকেল ও সন্ধ্যায় তিনি ছাতারপাইয়া ইউনিয়নের পল্লী মঙ্গল এলাকায় একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন। পরে বসন্তপুর, চিলাদী, মাহতাবপুর এবং রাতে ছাতারপাইয়া বাজারে সর্বস্তরের মানুষের সঙ্গে গণসংযোগ করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন:
- মাওলানা ইয়াছিন করিম, আমির, সেনবাগ উপজেলা জামায়াত।
- মাওলানা আব্দুল মালেক, সাবেক ভাইস চেয়ারম্যান, সেনবাগ উপজেলা পরিষদ।
- নুরুল হুদা মিলন, সহকারী সেক্রেটারি, উপজেলা জামায়াত।
- মাওলানা ইয়াছিন মিয়াজী, আমির, সেনবাগ পৌর জামায়াত।
- মোহাম্মদ উল্ল্যাহ হারুন, সভাপতি, ঢাকাস্থ সেনবাগ ফোরাম।
