নোয়াখালী-২ আসনে একগুচ্ছ উন্নয়নে এনসিপি’র সুলতান মুহাম্মদ জাকারিয়ার ভূমিকা
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়ার একান্ত প্রচেষ্টায় সেনবাগ উপজেলায় গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের পথে এগিয়েছে। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে উপজেলার ৯টি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
উপদেষ্টার কাছে উন্নয়ন প্রস্তাবনা
বিগত ২৬ মে ২০২৫ তারিখে সুলতান মুহাম্মদ জাকারিয়া সেনবাগ উপজেলার ২১টি রাস্তা মেরামত, ১৩টি নতুন সড়ক নির্মাণ, উপজেলা স্টেডিয়ামের জন্য বরাদ্দ, উপজেলার ১১টি স্কুল মাঠ সংস্কার করে খেলার উপযোগী করা এবং পৌরসভা ও উপজেলার জন্য বিশেষ বরাদ্দের আবেদন তালিকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া এই দুই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিকট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সেনবাগের কৃতি সন্তান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় বিভাগীয় সম্পাদক নিজাম উদ্দিন এবং এনটিভির সিনিয়র সাংবাদিক সোহরাব মাহাদি। কাজের তালিকা প্রস্তুতে সহায়তা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন যুবশক্তির সংগঠক মো. কামরুজ্জামান।
৯টি সড়ক সংস্কারের কার্যক্রম শুরু
ওই তালিকার ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯টি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কার্যক্রম বাস্তবায়নে টেন্ডার আহ্বান করা হয়েছে।
যে সড়কগুলো সংস্কার করা হবে:
- বালিয়া কান্দি কলেজ সড়ক
- বসন্তপুর – বিরাহিমপুর সড়ক
- সাতবাড়িয়া – নলুয়া সড়ক
- ফকিরহাট – সামেরগাঁও সড়ক
- ফকিরহাট – ভাটেরচর সড়ক
- কুতুবের হাঁট – চাঁন্দের হাঁট – সেবারহাট সড়ক
- নজরপুর বেড়িবাঁধ সড়ক
- ছাতারপাইয়া – তেমুহনী মানিকমুড়া সড়ক
- দৌলতপুর – নাজিমনগর সড়ক
এই সড়কগুলো দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে জরাজীর্ণ ও অবহেলিত অবস্থায় ছিল এবং স্থানীয় জনগণের চরম দুর্ভোগের কারণ হয়ে উঠেছিল।
সুলতান মুহাম্মদ জাকারিয়ার মন্তব্য
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার একান্তিক প্রচেষ্টার ফলেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব এসব সড়কের সংস্কার কার্যক্রম অনুমোদন ও বাস্তবায়নে সহায়তা করেছেন।
সুলতান মুহাম্মদ জাকারিয়া স্থানীয় সাংবাদিকদের বলেন, দীর্ঘদিনের সমস্যা-জর্জরিত সড়কসহ বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের পথে দাবিত হওয়ায় তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া এই দুই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
