নোয়াখালী-১: জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দাঁড়িয়ে পাল্লা প্রতীকের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর সোনাইমুড়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

হামলার বিবরণ

দাঁড়িয়ে পাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মো. শাহাব উদ্দিন জানান, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকায় গণসংযোগ শেষ করে ফেরার পথে এই অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, হামলার নেতৃত্ব দেন বিএনপি কর্মী শিমুল এবং তার সঙ্গে মাহবুবুল হক, হালিম, জাবেদসহ আরও ১০-১৫ জন অংশ নেন।

আহত ও চিকিৎসা

হামলায় পাঁচবাড়িয়া ওয়ার্ডের সভাপতি মনির হোসেন এবং কর্মী ওমায়ের ও শিহাবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আইনি পদক্ষেপ

এ ঘটনায় সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে দলটি। সংবাদ সম্মেলনে শাহাব উদ্দিন বলেন, এই হামলার কারণে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে বিএনপি বা অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *