নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার: ৫ জন আটক
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীতে দীর্ঘ ১৮ মাস পর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়ে দিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের টাউন হল মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করেছে।
তালা ভেঙে ঝটিকা মিছিল ও স্লোগান
প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই আন্দোলনের পর থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়টি তালাবদ্ধ ছিল। বুধবার সকালে হঠাৎ একদল নেতাকর্মী কার্যালয়ের তালা ভেঙে সামনে ব্যানার টানিয়ে দেন এবং সেখানে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রায় আধাঘণ্টা স্থায়ী এই কর্মসূচিতে তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘এই লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা’সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীরা নিজেদের ‘তৃণমূল নোয়াখালী আওয়ামী লীগের নেতাকর্মী’ বলে দাবি করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ
এই কর্মসূচিটি মো. জাহাঙ্গীর শেখ নামে একটি ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হয়। লাইভ ক্যাপশনে তিনি লিখেন, “আগামী দিনে দেশের স্বাধীনতার পক্ষে সব শক্তি এক সঙ্গে কাজ করব ইনশাআল্লাহ। আমরা নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দলের সঙ্গে কাজ করব।” উল্লেখ্য, জুলাই আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে অগ্নিসংযোগ করায় ভবনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
পুলিশের পদক্ষেপ ও আটক
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে এবং জড়িত ৫ জনকে আটক করে। তিনি বলেন, “আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে সোপর্দ করা হবে।”
