নির্বাচন পরবর্তী সহিংসতা ও কর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচন-পরবর্তী নৃশংস নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর একটি পত্রিকা অফিসে আয়োজিত এই সম্মেলনে তিনি বিজয়ী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে কর্মীদের ওপর অমানবিক নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেন।
প্রবীণ নেতাকে লাঞ্ছনা ও মাথা ন্যাড়া করার অভিযোগ
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিরণ জানান, গত ১৮ ফেব্রুয়ারি গৌরীপুর বাস স্ট্যান্ড এলাকায় প্রবীণ বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদারকে সিএনজি থেকে নামিয়ে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করা হয়। পরে প্রকাশ্যে তার মাথা ও ভ্রু ন্যাড়া করে দেওয়া হয়, যা অত্যন্ত মর্মান্তিক ও লজ্জাজনক। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচার দাবি করেন।
হেলমেট বাহিনী’র তাণ্ডব ও গণহারে চাঁদাবাজি
অভিযোগ করা হয়েছে, নির্বাচনের পর থেকেই বিজয়ী প্রার্থীর অনুসারীরা বিভিন্ন এলাকায় ঘোড়া প্রতীকের কর্মীদের ওপর চড়াও হচ্ছে। সিধলা ইউনিয়নে সাবেক চেয়ারম্যানের বাড়িতে ‘হেলমেট বাহিনী’ গভীর রাতে হামলা চালিয়েছে। এছাড়া বিভিন্ন গ্রামে রুকু মিয়া ও আলম মেম্বারের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। অভিযোগ রয়েছে, বাজারগুলোতে ব্যবসায়ীদের দোকান দখল করে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি করা হচ্ছে এবং অনেক কর্মীকে এলাকা ছাড়া করা হয়েছে।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
আহাম্মদ তায়েবুর রহমান হিরণ অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে পুলিশ অপরাধীদের আটক করলেও কোনো ব্যবস্থা না নিয়েই ছেড়ে দিচ্ছে। তিনি বলেন, ১৭ বছরের লড়াই ছিল ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, কিন্তু এখন ভিন্ন মত পোষণ করায় সাধারণ মানুষ ও নেতাকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত নির্যাতিত নেতাকর্মীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।
