নির্ধারিত সময় মানছেন না কর্মকর্তারা; কবিরহাটে চলছে ‘পার্টটাইম’ অফিস
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

সরকার ঘোষিত ২০২৬ সালের পবিত্র রমজান মাসের নতুন সময়সূচি অনুযায়ী অফিস সময় সকাল ৯টা থেকে নির্ধারণ করা হলেও নোয়াখালীর কবিরহাটে তা মানছেন না অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে সরেজমিনে গিয়ে এমন অনিয়মের চিত্র দেখা গেছে।
তালাবন্ধ অফিস, ভোগান্তিতে সেবাগ্রহীতারা
মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত কবিরহাট উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করে দেখা যায়, নির্ধারিত সময় পার হলেও অধিকাংশ দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নেই। অনেক অফিসের প্রধান ফটকে তখনও তালা ঝুলছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কর্মচারী এসে তালা খুললেও অধিকাংশ দপ্তরের প্রধান কর্মকর্তাদের ডেস্কে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, কর্মকর্তারা নিজেদের সুবিধামতো সময়ে অফিসে আসায় সাধারণ মানুষকে সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ
অফিসে দেরিতে আসার বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড অফিসার ইব্রাহিম খলিল গণমাধ্যমকর্মীদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। তিনি সাংবাদিকদের পরিচয়পত্র চ্যালেঞ্জ করেন এবং একপর্যায়ে মোবাইলে ধারণকৃত ভিডিও বন্ধ করতে বলে মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় সেখানে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট খবর:উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম; সেবার মানোন্নয়নে বিশেষ নির্দেশনা
প্রশাসনের নীরবতা
অফিসে অনুপস্থিতি এবং কর্মকর্তাদের আচরণের বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূদম পুষ্প চাকমা ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে এবং জবাবদিহিতা বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
