নবনির্বাচিত এমপি ড. আতিক মুজাহিদের ঘোষণা; দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

নির্বাচিত হওয়ার পর প্রথম বারের মতো এলাকায় বিশেষ সফরে এসে এক ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি জানান, এলাকার উন্নয়নে সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি ‘পার্লামেন্ট’ গঠন করা হবে এবং সরাসরি জনগনের কথা শুনতে মোড়ে মোড়ে তাঁর মোবাইল নম্বর টাঙিয়ে দেওয়া হবে।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স

সফরের শুরুতেই ফুলবাড়ী ধরলা সেতুর পশ্চিম প্রান্তে সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ড. আতিক মুজাহিদ। সংক্ষিপ্ত সমাবেশে তিনি ঘোষণা দেন যে, সরকারি সকল দপ্তরকে শতভাগ দুর্নীতিমুক্ত করা হবে। তিনি বলেন, “নির্বাচনী ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে। কোনো মধ্যস্বত্বভোগী নয়, সাধারণ মানুষ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।” এ সময় তাঁর সাথে জামায়াত ও এনসিপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘কুড়িগ্রাম পার্লামেন্ট’ ও সমন্বিত উন্নয়ন

সংসদ সদস্য তাঁর বক্তব্যে কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলার উন্নয়নে একটি বিশেষ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, উন্নয়নের সব সিদ্ধান্ত একা নেওয়া হবে না; বরং এলাকার বিশিষ্টজন ও বিভিন্ন পেশার মানুষকে নিয়ে গঠিত পার্লামেন্টের মাধ্যমে সব সমস্যার সমাধান ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করা হবে। এই উদ্যোগটি স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা প্রশাসনের সাথে বিশেষ মতবিনিময়

সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন এমপি। উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতারের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নরদেব রায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় জনসেবায় স্বচ্ছতা ও গতিশীলতা আনার নির্দেশ দেন ড. আতিক মুজাহিদ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *