দীপু চন্দ্র দাস হত্যা মামলার মূল উস্কানিদাতা গ্রেফতার;এ পর্যন্ত গ্রেফতার ২৩
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি হত্যাকাণ্ডের আগে জনতাকে উত্তেজিত করা এবং মরদেহ নির্যাতনে সক্রিয় ভূমিকা পালন করেছিল।
অভিযানে গ্রেফতার ও আসামির পরিচয়
জেলা গোয়েন্দা শাখা জানায়, তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার ধারাবাহিকতায় রোববার রাত ৯টার দিকে ভালুকা থানাধীন ডুবালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মো. বাবলু মিয়া (২৪)। সে ওই এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে।
জনতাকে উসকে দেওয়ার নেপথ্যে বাবলু
প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, বাবলু মিয়া হত্যাকাণ্ডের দিন ফ্যাক্টরির গেটে লোক জড়ো করার মূল হোতা হিসেবে কাজ করে। সে স্লোগানের মাধ্যমে জনতাকে উত্তেজিত ও একত্রিত করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। পরবর্তীতে দীপু চন্দ্র দাসকে মারধর করে হত্যা এবং মরদেহ প্রধান সড়কে নিয়ে যাওয়ার পর মরদেহের ওপর অমানবিক নির্যাতনেও সে সরাসরি জড়িত ছিল।
মামলার বর্তমান পরিস্থিতি ও অগ্রগতি
চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ পর্যন্ত পুলিশ সর্বমোট ২৩ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জন আসামি ইতোমধ্যে বিজ্ঞ আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে। মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি দেখছে জেলা পুলিশ।
অভিযান অব্যাহত রাখার ঘোষণা
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
