দখলকৃত বসতঘর উদ্ধার করলো পুলিশ; অভিযুক্ত স্থানীয় এক রাজনৈতিক নেতা
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা একটি বসতঘর উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে স্থানীয় একটি গ্রামে এই উদ্ধার অভিযান চালানো হয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘরটি দখল করে রাখা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পটভূমি ও অভিযোগ
ভুক্তভোগী এ কে এম শামসুদ্দিন ফারুক সপরিবারে ঢাকায় বসবাস করার সুযোগে, গত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তাঁর বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন একই বাড়ির বাসিন্দা এবং স্থানীয় এক রাজনৈতিক নেতা আওলাদ হোসেন হেলাল। অভিযুক্ত হেলাল স্থানীয় যুবদলের প্রভাবশালী পদে আসীন থাকার সুবাদে জোরপূর্বক ঘরটি দখল করে সেখানে সপরিবারে বসবাস শুরু করেন।
পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ
ভুক্তভোগী ফারুক জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ঘরটি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই এসআই কামরুল ও এএসআই মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দখলকৃত ঘরটি উদ্ধার করে এবং তাৎক্ষণিক তালাবদ্ধ করে দেয়।
অভিযুক্ত ও পুলিশের বক্তব্য
অভিযুক্ত আওলাদ হোসেন হেলাল দাবি করেন, ঘরের মালিক একসময় তাঁদের সেখানে থাকতে দিয়েছিলেন। তবে ঘরটি অন্যত্র বিক্রি করে দেওয়ার খবর শুনে তাঁরা সমমূল্য দিয়ে কিনতে চাইলেও মালিক তা অস্বীকার করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন জানান, “ঘরটি দখলের বিষয়ে থানায় অভিযোগ পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে ঘরটি উদ্ধার করা হয়েছে।”
