ত্রিশালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রী ও ভিভিআইপি ব্যক্তিদের আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অগ্রগামী নিরাপত্তা দলের এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকালে ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ-এর নির্দেশনা
সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর অ্যাডভান্সড কমান্ডের মেজর আশিক বলেন, প্রধানমন্ত্রী ও ভিভিআইপি অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে কঠোর সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। নিরাপত্তার প্রতিটি খুঁটিনাটি বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যানজট ও জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি
ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান জানান, সরকারের উচ্চপর্যায়ের অতিথিদের এই সফর নির্বিঘ্ন ও সফল করতে জেলা প্রশাসন ইতিমধ্যেই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি দপ্তরকে মাঠ পর্যায়ে সমন্বিত দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা।
