ত্রিশালে নদী থেকে উদ্ধার হওয়া লাশ বেওয়ারিশ হিসেবে দাফন; পরিচয় শনাক্তে পুলিশের আহ্বান

​ফারুক আহমেদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক যুবকের মরদেহ অবশেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। উদ্ধারের পর কোনো স্বজন বা পরিচয় না পাওয়ায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দাফন সম্পন্ন করে পুলিশ।

​এদিকে আনুমানিক ৩০ বছর বয়সী ওই অজ্ঞাত পুরুষের পরিচয় শনাক্তে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে ত্রিশাল থানা পুলিশ।

​ঘটনাক্রম ও লাশ উদ্ধার

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর ইচ্ছামতি এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

​চর ইচ্ছামতি এলাকার চৌকিদার কাশেমের লিজকৃত কলাবাগান সংলগ্ন নদের পশ্চিম পাড়ে লাশটি উল্টো হয়ে ভাসমান অবস্থায় ছিল। বিষয়টি জানার পর চৌকিদার পুলিশকে খবর দিলে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ভাসমান মরদেহটি উদ্ধার করেন।

​ময়নাতদন্ত ও দাফন

​মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত পরীক্ষা শেষে কোনো ওয়ারিশ বা স্বজনের সন্ধান না পাওয়ায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অনুমতি সাপেক্ষে নগরীর ভাটিকাশর সরকারি কবরস্থানে বেওয়ারিশ হিসেবে মরদেহটির দাফন সম্পন্ন হয়।

​এ ঘটনায় ত্রিশাল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছে।

​পুলিশের বক্তব্য

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম জানান—

​”উদ্ধার হওয়া লাশের কোনো পরিচয় না পাওয়ায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহায়তায় ভাটিকাশর সরকারি কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। অজ্ঞাত ঐ লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ, এ বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে ত্রিশাল থানায় যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।”