টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা; শ্রমিকদল নেতাকে ২ দিনের কারাদণ্ড
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলায় সরকারি হাট-বাজারের ইজারা নিলামের টেন্ডার বক্সে নির্ধারিত সময়ের পর জোরপূর্বক সিডিউল জমা দেওয়ার অভিযোগে মো. হারুন (৪২) নামে এক শ্রমিকদল নেতাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সিসি ক্যামেরায় ধরা পড়ল কারসাজি
দণ্ডপ্রাপ্ত মো. হারুন নোয়াখালী পৌরসভা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) ছিল সদর উপজেলার ৩৩টি হাট-বাজারের ইজারা নিলামের টেন্ডার জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময় শেষে বিভিন্ন কার্যালয় থেকে টেন্ডার বক্সগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে আসা হচ্ছিল।
দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে ইউএনও কার্যালয়ের সিঁড়িতে দাঁড়িয়ে হারুন জোরপূর্বক ২ থেকে ৩টি সিডিউল টেন্ডার বক্সে ঢুকিয়ে দেন। বিষয়টি তাৎক্ষণিক সিসি ক্যামেরায় ও কর্তৃপক্ষের নজরে এলে পুলিশ তাঁকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের সাজা
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন।
ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীর বলেন, “নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি আইন অমান্য করে জোরপূর্বক সিডিউল জমা দেওয়ার চেষ্টা করেন। সিসি ক্যামেরার ফুটেজ ও প্রমাণের ভিত্তিতে তাঁকে এই সাজা দেওয়া হয়েছে।”
সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি
এই বিষয়ে নোয়াখালী জেলা শ্রমিকদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন জানান, ঘটনাটি তাঁরা জেনেছেন এবং দলের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিলাম ও টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের যেকোনো অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
