আনিছুর রহমান আইয়ুব মাদারগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর জেলার ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে তাঁদের প্রতীক তুলে দেন।
প্রতীক পেলেন যারা (একনজরে প্রধান প্রার্থীরা):
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ): এম রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি), মুহাম্মদ নাজমুল হক সাঈদী (জামায়াত), মো. আব্দুর রউফ তালুকদার (ইসলামী আন্দোলন) ও এ কে এম ফজলুল হক (জাতীয় পার্টি)।
জামালপুর-২ (ইসলামপুর): এ. ই সুলতান মাহমুদ বাবু (বিএনপি), মো. ছামিউল হক ফারুকী (জামায়াত), সুলতান মাহমুদ সিরাজী (ইসলামী আন্দোলন) ও স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): এই আসনে সর্বোচ্চ ৯ জন প্রার্থী লড়ছেন। এদের মধ্যে রয়েছেন মো. মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), মো. মজিবুর রহমান আজাদী (জামায়াত), মীর সামসুল আলম লিপটন (জাতীয় পার্টি), ফিদেল নঈম (গণসংহতি আন্দোলন) ও স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদসহ আরও অনেকে।
জামালপুর-৪ (সরিষাবাড়ী): মো. ফরিদুল কবীর তালুকদার (বিএনপি), মোহাম্মদ আব্দুল আওয়াল (জামায়াত), মো. মাহবুব জামান জুয়েল (সিপিবি) ও মো. ইকবাল হোসেন (গণঅধিকার পরিষদ)।
জামালপুর-৫ (সদর): শাহ মো. ওয়ারেছ আলী মামুন (বিএনপি), মুহাম্মদ আব্দুস সাত্তার (জামায়াত), সৈয়দ ইউনুছ আহাম্মদ (ইসলামী আন্দোলন) ও জাকির হোসেন (গণঅধিকার পরিষদ)।
ভোটের নির্ঘন্ট
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৭:৩০ টা থেকে বিকেল ৪:৩০ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন।
