জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দৈনিক জাহান ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট আজ সকাল ৮টা ২১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। নিউইয়র্কে চার কর্মদিবসে তিনি মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ১১টি দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘ-সম্পর্কিত একাধিক কর্মসূচি ছিল।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ভাষণ দেন। ভাষণে তিনি বিশ্ব শান্তি, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাত সমাধান, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন।
সফরকালে তুরস্ক, ইরান, পাকিস্তান, ক্রোয়েশিয়া, হাইতি, ভুটান ও থাইল্যান্ডের সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে জাতিসংঘ মহাসচিব এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
নিরাপদ, ফলপ্রসূ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বানও জানান তিনি।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস/BSS)

