চ্যাটজিপিটির আদলে অ্যাপলের নিজস্ব চ্যাটবট, তবে শুধু…
আহসান হাবীব, ঢাকা।

অ্যাপলছবি: রয়টার্স।
অ্যাপল গোপনে চ্যাটজিপিটির আদলে একটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট তৈরি করছে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে তৈরি এই চ্যাটবটটি বর্তমানে শুধু অ্যাপলের প্রকৌশলীরা ব্যবহার করছেন। এই চ্যাটবটটি ব্যবহার করা হচ্ছে অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরিকে নতুনভাবে গড়ে তোলার কাজে। ফলে সাধারণ আইফোন ব্যবহারকারীরা চাইলেও আপাতত এটি ব্যবহার করতে পারবেন না।
’ভেরিটাস’ ও নতুন সিরির পরিকল্পনা
অ্যাপলের তৈরি এই চ্যাটবটটির নাম রাখা হয়েছে ‘ভেরিটাস’। এটি ব্যবহার করে নতুন প্রযুক্তির কার্যকারিতা সহজেই পরীক্ষা করা সম্ভব। ব্লুমবার্গের তথ্যমতে, নকশার দিক থেকেও ভেরিটাস জনপ্রিয় চ্যাটবটগুলোর মতো। এটি বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি পুরোনো কথোপকথনের তথ্য উল্লেখ করে দীর্ঘ সময় কথোপকথন চালানোর ক্ষমতা রাখে। সংক্ষেপে এটিকে অ্যাপলের নিজস্ব চ্যাটজিপিটি সংস্করণ বলা চলে।
আইওএস ১৮ উন্মুক্তের পর থেকেই সিরির নতুন সংস্করণ বাজারে আনার জন্য কাজ করছে অ্যাপল। পুরোনো কাঠামো ভেঙে সিরিকে লার্জ ল্যাংগুয়েজ মডেলের (এলএলএম) ভিত্তিতে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন সিরি শুধু টাইমার সেট করা বা সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার বাইরেও দীর্ঘ সময় আলোচনা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
বাজারে আসছে কবে?
সিরিতে নতুন সুবিধা যুক্ত করার জন্য অ্যাপল ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগল-এর সঙ্গেও আলোচনা করছে। ফলে সিরিতে অন্য প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এলএলএমভিত্তিক নতুন সংস্করণের সিরি ২০২৬ সালের শুরুর দিকে বাজারে আসতে পারে।
