শেখ মেহেদী হাসান নাদিম

অপরাধবিজ্ঞান এবং প্রাকৃতিক ন্যায়বিচারের (Natural Justice) একটি চিরন্তন মনস্তাত্ত্বিক সত্য হলো—অপরাধের মাধ্যমে গড়ে তোলা কোনো সাম্রাজ্য অপরাধীর মনের ভেতরের ভীতিকে কখনোই দূর করতে পারে না। স্থানীয় প্রবাদে কথাটি আরও নির্মম ও গভীর: ‘যার মনে চোর, সে তো মনে মনে সবসময় সব মানুষকেই পুলিশ দেখবে।’ ময়মনসিংহের গোহাইলকান্দির একটি প্রাচীন ভূ-সম্পত্তি এবং শতবর্ষী এক চলাচলের পথ আটকে হঠাৎ গড়ে তোলা একটি অবৈধ সীমানা প্রাচীরকে কেন্দ্র করে যে অনুসন্ধানের সূত্রপাত হয়েছিল, তা আজ উন্মোচন করেছে অর্ধশতাব্দীর এক ভয়াবহ জালিয়াতি ও ট্র্যাজেডির দলিল।
এই অবৈধ দেয়ালের কারণে শত শত সাধারণ গ্রামবাসীকে প্রতিদিন এক কিলোমিটারেরও বেশি পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে, যা সুস্পষ্টভাবে ১৮৮২ সালের সুখাধিকার আইনের (Easements Act, 1882) ১৫ ধারায় অর্জিত জনগণের ৫০ বছরের নিরবচ্ছিন্ন চলাচলের অধিকারকে লঙ্ঘন করে এবং দণ্ডবিধির (Penal Code) ২৬৮ ধারা অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য গণউৎপাত (Public Nuisance)। কিন্তু এই দেয়ালের ইটের নিচে যে অর্ধশতাব্দীর সত্য চাপা পড়ে আছে, তার অনুসন্ধান কোনো সাজানো অভিযোগের মাধ্যমে নয়; বরং শুরু হয়েছিল অভিযুক্ত ‘মাস্টার পরিবার’ বা আব্দুল খালেক মাস্টারের পরিবারেরই এক সদস্যের অনুরোধ এবং সেই পরিবারের বৈবাহিক সূত্রে যুক্ত হওয়া তরুণ প্রতিনিধি রিফাত শেখের ছুড়ে দেওয়া এক দম্ভোক্তিপূর্ণ চ্যালেঞ্জের মধ্য দিয়ে।
রিফাত শেখের চ্যালেঞ্জ ও অনুসন্ধানের পটভূমি
প্রাথমিক পর্বের সংবাদ প্রকাশের পর খালেক মাস্টারের রক্তের উত্তরাধিকারী নন, বরং বাইরে থেকে বিয়ে করে আসা রিফাত শেখ চরম ক্ষোভ ও তীর্যক বক্তব্য নিয়ে প্রতিবেদকের মুখোমুখি হন। অবৈধ দেয়াল দিয়ে জনগণের পথ বন্ধ করার কোনো আইনি জবাব দেওয়ার বদলে তিনি এক চরম ঔদ্ধত্য দেখিয়ে বলেন, “এলাকাবাসীরা ১৯৭২ সাল থেকে আমাদের পিছনে শত্রুতা করছে, তারা কি কোনো কিছু ছিঁড়তে পেরেছে? আপনিও চেষ্টা করে দেখুন না!” একই সাথে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আপনি তো নতুন নিউজের ইনগ্রেডিয়েন্ট পেলেন, নিউজ করেন। এলাকার মানুষের সাক্ষাৎকার নেন, তারা কী বলে শোনেন, তারপর লেখেন!” মূলত মাস্টার পরিবারের এক সদস্যের অনুরোধ এবং রিফাত শেখের এই আক্ষেপমাখা ঔদ্ধত্য ও সরাসরি চ্যালেঞ্জের কারণেই সাংবাদিকতার নৈতিক দায়বদ্ধতা থেকে নিরপেক্ষ ও সরেজমিন তদন্তে নামা অপরিহার্য হয়ে ওঠে।
সরেজমিন তদন্ত ও গ্রামবাসীদের ‘মনোটোনাস কনসিসটেন্সি’
রিফাত শেখের সেই চ্যালেঞ্জ গ্রহণ করে গোহাইলকান্দির মাটিতে টানা দেড় দিনের এক নিবিড় অনুসন্ধান চালানো হয়। গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে ঘটনার পটভূমি জানতে চাইলে, তিনি কোনো দ্বিধা না করে গড়গড় করে সব বলে দিয়ে তারপর টেনে গ্রামের ভিতরে তাঁর চেয়েও প্রবীণ আরেকজনের কাছে নিয়ে যান। চোখের পলকেই সেখানে সাধারণ গ্রামবাসীর এক স্বতঃস্ফূর্ত জমায়েত গড়ে ওঠে। পুরো ঘটনার নিরপেক্ষতা বজায় রাখতে পৃথক পৃথক কয়েকটি গ্রুপে ভাগ করে তরুণ থেকে শুরু করে এলাকার সবচেয়ে প্রবীণ মানুষসহ শতাধিক গ্রামবাসীর ভিডিও সাক্ষাৎকার ও জবানবন্দি রেকর্ড করা হয়। আর তখনই বেরিয়ে আসে এক অবিশ্বাস্য প্রামাণ্য চিত্র—কারো কথার সাথেই কারো তথ্যের সূচাগ্র পরিমাণ অমিল নেই! মানুষের বয়স বা বাচনভঙ্গির কারণে কেবল আঞ্চলিক ভাষার কিছুটা বৈচিত্র্য রয়েছে, কিন্তু ঘটনাপ্রবাহ, স্থান, কাল, পাত্র এবং এই দীর্ঘ ইতিহাসের ‘শিকার ও শিকারী’র পরিচয় প্রত্যেকের বর্ণনায় হুবহু এক। সাক্ষ্য আইনের (Law of Evidence) ভাষায় যাকে বলা হয় ‘মনোটোনাস কনসিসটেন্সি’ (Monotonous Consistency) বা একঘেয়ে অভিন্নতা এবং ‘করোবোরেশন’ (Corroboration)। মিথ্যার জন্য একটি মুখস্থ চিত্রনাট্যের প্রয়োজন হয়, যা জেরার মুখে ভেঙে পড়ে; কিন্তু যে সত্য মানুষ চোখের সামনে ঘটতে দেখেছে এবং পঞ্চাশ বছর ধরে নীরবে বয়ে বেড়িয়েছে, তা শত মানুষের জবানিতে একই সুরে প্রতিধ্বনিত হয়।
আইনি দৃষ্টিতে জবরদখল বনাম নিরবচ্ছিন্ন বয়কট
অথচ এই এলাকাবাসীর বিরুদ্ধেই রিফাত শেখ বড় গলায় দম্ভ করেছিলেন যে, তারা নাকি বাহাত্তর সাল থেকেই তাদের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু ক্যামেরার সামনে গ্রামবাসীদের বক্তব্য ছিল অত্যন্ত শান্ত ও নির্মোহ। তাঁদের সোজাসাপ্টা কথা—আমরা তো কখনোই তাদেরকে কোনো কিছু বলিওনি, করিওনি; তারা কেন আমাদেরকে দেখলেই ভয় পেয়ে সরে পড়ে বা পালিয়ে যায়, সেটা তো আর আমরা বলতে পারব না। গ্রামবাসীরা স্পষ্ট জানান, এই দীর্ঘ ৫০ বছরেও তারা এই বিশাল জায়গায় কোথাও কোনো স্থায়ী ঘরবাড়ি নির্মাণ করেনি, এমনকি কোনো চাষাবাদও (Cultivation) করেনি; এটা তো আর এলাকাবাসীর দোষ হতে পারে না! এলাকাবাসীর এই বক্তব্য থেকেই অপরাধবিজ্ঞানের সেই মূল সত্যটি পরিষ্কার হয়ে যায়—জবরদখল ও অপরাধের বোঝা যাদের কাঁধে থাকে, সেই ‘মনের চোর’ই তাদের তাড়া করে ফেরে, যে কারণে তারা সাধারণ প্রতিবেশীকে দেখলেও পুলিশ ভেবে ভয়ে তটস্থ থাকে।
আইনি দৃষ্টিকোণ থেকেও রিফাত শেখের এই দম্ভোক্তিটি তাদের পুরো দাবির শিকড় কেটে দিয়েছে। ১৯০৮ সালের তামাদি আইনের (Limitation Act, 1908) ২৮ ধারা অনুযায়ী জবরদখলের (Adverse Possession) মাধ্যমে সম্পত্তির মালিকানা প্রমাণের পূর্বশর্তই হলো—সেই দখল হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ (Peaceful), প্রকাশ্য এবং আপত্তিহীন। কিন্তু যেখানে স্বয়ং তাদের প্রতিনিধিই বুক ফুলিয়ে স্বীকার করছেন যে ১৯৭২ সাল থেকেই এলাকাবাসী তাদের ‘শত্রু’ মনে করে এবং পুরো সমাজ তাদের বয়কট করে রেখেছে, সেখানে আইনগতভাবে তাদের কোনো ‘শান্তিপূর্ণ দখল’ কখনো প্রতিষ্ঠিতই হয়নি।
১৯৬৫ সালের প্রেক্ষাপট ও আইচ পরিবারের ইতিহাস
কিন্তু কেন এই দীর্ঘ ৫০ বছরের সামাজিক বয়কট? কেন পুরো একটি এলাকা একজন মানুষের পরিবারের দিক থেকে মুখ ফিরিয়ে নিল? সেই পিনপয়েন্টে পৌঁছাতে হলে তাকাতে হবে ১৯৬৫ সালের গোহাইলকান্দির দিকে। ইতিহাস ও স্থানীয় প্রবীণদের বয়ান অনুযায়ী, এই বিপুল ভূ-সম্পত্তির প্রকৃত ও আদি মালিক ছিল ময়মনসিংহের ঐতিহ্যবাহী ও উচ্চশিক্ষিত কায়স্থ ‘আইচ পরিবার’। শচীন্দ্র চন্দ্র আইচ, যোগেশ চন্দ্র আইচ, নির্মল চন্দ্র আইচ ও পরিমল চন্দ্র আইচদের এই পরিবারটি ময়মনসিংহের শিক্ষাদীক্ষার অন্যতম পুরোধা ছিল, যাদের প্রত্যক্ষ অবদানে ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল খ্যাতনামা বিদ্যাপীঠ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর এই মূল আইচ পরিবারের জমিতে ১৯৬৫ সালের পূর্বে একজন সাধারণ ‘বর্গাদার’ (ভাগচাষী) হিসেবে কাজ করতেন আব্দুল খালেক মাস্টার। একজন বর্গাদার হিসেবে কেবল জমিতে ফসল ফলানোর অধিকার তাঁর ছিল, জমির মালিকানা বা স্বত্ব দাবির কোনো আইনগত অধিকার তাঁর কখনো ছিল না।
একাত্তরের পটপরিবর্তন ও রক্ষকের ভক্ষক হয়ে ওঠার গল্প
১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর চরম বৈরী পরিবেশ ও নিরাপত্তার অভাবে মূল আইচ পরিবার দেশত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হয়। তৎকালীন আইন অনুযায়ী এই ফেলে যাওয়া জমি রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত হয়ে ‘অর্পিত সম্পত্তি’র (Vested Property) অন্তর্ভুক্ত হয়। আর ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের (SAT Act, 1950) ৮৯ ধারা অনুযায়ী, জমি যখনই সরকারের অনুকূলে ভেস্টেড বা ন্যস্ত হয়ে যায়, স্বয়ংক্রিয়ভাবে সেই জমিতে বর্গাদারের চাষাবাদের অধিকার আইনত চিরতরে বাতিল হয়ে যায়। অর্থাৎ ১৯৬৫ সালের পর থেকে ওই জমিতে কোনোভাবেই থাকার বা স্বত্ব দাবি করার বিন্দুমাত্র সুযোগ আব্দুল খালেক মাস্টারের ছিল না।
কিন্তু দেশত্যাগের সেই মিছিলে আইচ পরিবারের সকলেই চলে গেলেও, পৈতৃক ভিটের মায়া ত্যাগ করতে পারেননি পরিবারের এক বয়োবৃদ্ধ পুরুষ। পেশায় ও সাধনায় তিনি ছিলেন একজন স্থানীয় জ্যোতিষী ও কবিরাজ। মানুষের সেবা করা এই নিরীহ বৃদ্ধ মনে করেছিলেন, সমাজের মানুষের ভালোবাসাই তাঁকে আজীবন রক্ষা করবে। আর স্বাভাবিক মানবিক নিয়ম ও বিশ্বস্ততার জায়গা থেকে বর্গাদার খালেক মাস্টারের কর্তব্য ছিল এই অসহায় বৃদ্ধের দেখাশোনা করা। কিন্তু ১৯৭১ সালের স্বাধীনতার পর যখন প্রশাসনিক শূন্যতা দেখা দেয়, ঠিক তখনই শুরু হয় রক্ষকের ভক্ষক হয়ে ওঠার এক অন্ধকার অধ্যায়। শুরু হয় সেই অসহায় বৃদ্ধকে জিম্মি করে ভূয়া কাগজ তৈরির এক সুপরিকল্পিত খেলা—যার মর্মান্তিক পরিণতি গোহাইলকান্দির মানুষ আজও ভুলতে পারেনি বলেই দীর্ঘ অর্ধশতাব্দী ধরে মাস্টার পরিবারকে তাদের সামাজিক কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছে।
চলবে,,,
(আগামী পর্বে থাকছে: ৬ বনাম ৫৯৪ শতকের একমাত্র বসতভিটা লিখে দেওয়ার অবাস্তব গল্প এবং ১৯৮৭ সালের ৩ মার্চের সেই রহস্যময় চব্বিশ ঘণ্টার চাঞ্চল্যকর তদন্ত।)