চাটখিলে যৌথ বাহিনীর অভিযানে গুলিসহ সন্ত্রাসী নাঈম গ্রেপ্তার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই রাউন্ড তাজা গুলিসহ মো. নাঈম ইসলাম (৩২) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিবরণ

৩৫ এসটি ব্যাটালিয়ন চাটখিল পাঁচগাঁও ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। বিএ-৮১৪১ লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, পিএসসি’র প্রত্যক্ষ নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। অভিযান চলাকালীন দেলোয়ার হোসেনের ছেলে নাঈম ইসলামকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৭.৬২ মি.মি. সাইজের ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা ও অপরাধ রেকর্ড

চাটখিল থানার ওসি (তদন্ত) মো. আব্দুস সুলতান জানান, গ্রেপ্তারকৃত নাঈম ইসলামকে রাতেই থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলার প্রস্তুতি চলছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত নাঈমের বিরুদ্ধে কুমিল্লার মনোহরগঞ্জ থানায় আগে থেকেই একটি মামলা চলমান রয়েছে।

জননিরাপত্তায় যৌথ বাহিনী

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত গুলির উৎস এবং নাঈমের সাথে কোনো সন্ত্রাসী চক্র জড়িত কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *