চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত।
চট্রগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার মদুনাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আবদুল হাকিম উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া, তিনি ‘হামিম অ্যাগ্রো’ নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা তাকে গুলি করার পর আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, “গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পাওয়ার পর আইনি প্রক্রিয়া শুরু করা হবে।”
