ঘোড়াঘাটে সাংবাদিকের মোটরসাইকেল চুরির ৩ দিন; এখনো মেলেনি সন্ধান, বাড়ছে উদ্বেগ
শাহ আলম (ঘোড়াঘাট), দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এবার চোরচক্রের কবলে পড়েছেন খোদ সংবাদকর্মী। গত ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি আনভিল বাপ্পির ব্যবহৃত ‘এপাচি আরটিআর ১৫০ সিসি’ মোটরসাইকেলটি নিজ বাড়ির আঙিনা থেকে চুরি হয়ে যায়।
ঘটনার বিবরণ ও থানায় অভিযোগ
ভুক্তভোগী সাংবাদিক জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পূর্বপাড়ায় তাঁর নিজ বাড়ির সামনে মোটরসাইকেলটি রাখা ছিল। দিনের আলোয় বাড়ির আঙিনা থেকেই সংঘবদ্ধ চোরচক্র এটি নিয়ে চম্পট দেয়। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে গত ১ মার্চ (রবিবার) ঘোড়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সক্রিয় চোরচক্র
স্থানীয়দের অভিযোগ, চলমান পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকায় একটি শক্তিশালী চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা জনসমাগমপূর্ণ স্থান যেমন—বিয়েবাড়ি, হাট-বাজার, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এমনকি তারাবি ও জানাজা অনুষ্ঠানের ভিড়কেও সুযোগ হিসেবে ব্যবহার করছে। কয়েক মিনিটের অসতর্কতায় উধাও হয়ে যাচ্ছে মূল্যবান শখের বাইক।
টার্গেটে সাংবাদিক ও সাধারণ মানুষ
ঘোড়াঘাটে মোটরসাইকেল চুরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে একই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. সামসুল ইসলাম সামুর ‘বাজাজ সিটি’ মোটরসাইকেলটি লালবাগ গ্রাম থেকে চুরি হয়। এছাড়া বাগেরহাট বাজার ও কুণ্ডু মার্কেটের সামনে থেকেও একাধিক মোটরসাইকেল চুরির খবর পাওয়া গেছে।
সচেতন মহলের দাবি ও প্রতিকার
এলাকার সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা দ্রুত চোরচক্র শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশের নিয়মিত টহল বৃদ্ধি এবং মোটরসাইকেল পার্কিংয়ের ক্ষেত্রে নজরদারি বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।
