কুড়িগ্রামে দুধকুমার নদের তীরে গাছের সাথে ঝুলছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের তীরবর্তী একটি গাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চরধাউরার কুটি হাজীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড় ৮টার দিকে নদীর পাড়ে একটি গাছে মরদেহটি ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরে সকাল ৯টার দিকে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘনীভূত হচ্ছে রহস্য
নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের ধারণা, মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা নন। স্থানীয় কেউ হলে দ্রুত পরিচয় পাওয়া যেত। এলাকাবাসীর একাংশের সন্দেহ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, যা ধামাচাপা দিতে মরদেহটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
পুলিশের বক্তব্য ও তদন্ত
মরদেহটির পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ ও সিআইডি বিভাগ। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হতে পারে, তবে তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
