মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে তথ্যপ্রাপ্তি নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে ‘তথ্য জানুন, অধিকার আদায় করুন’ শীর্ষক এক ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খলিলগঞ্জের অভিনন্দন কনভেনশন সেন্টারে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সুশীল প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির বিষয়বস্তু ও আলোচনা
দিনব্যাপী এই আয়োজনে রাইট টু নো ফেয়ার, রাইট হেল্প ডেস্ক, নারীদের তথ্যবিষয়ক আলোচনা এবং নাগরিক জবাবদিহিতা সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সরকারি সেবা সম্পর্কে প্রান্তিক মানুষের তথ্যপ্রাপ্তি সহজ করা এবং নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বক্তারা সরকারি দপ্তরগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে নিয়মিত তথ্য আদান-প্রদানের আহ্বান জানান।
অতিথিদের উপস্থিতি ও পরিচালনা
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক লাইলুন নাহার, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নুর আলম, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর আসিফ শাহরিয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা আবু সুফিয়ান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশিদ এবং জেলা ত্রাণ দপ্তরের যন্ত্রচালক দেলোয়ার হোসেন।
এ ছাড়া কুড়িগ্রাম হাবের সাধারণ সম্পাদক এম রশিদসহ জেলার ১৫টি সামাজিক সংগঠনের সিএসও প্রতিনিধিরা উপস্থিত থেকে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি তথ্য আদান-প্রদান ও উন্মুক্ত পরামর্শ বিনিময় করেন।
অনুষ্ঠানটি উপস্থাপন করেন উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন উলিপুর নারী সংস্থার নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন।