কুড়িগ্রামে এসডিএফ’র বর্ণাঢ্য যুব মেলা; তারুণ্যের উৎসবে মুখর খলিলগঞ্জ স্কুল মাঠ
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

‘দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ নেব, বেকারত্ব দূর করব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এসডিএফ’র যুব মেলা। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) রংপুর অঞ্চলের কুড়িগ্রাম জেলার চারটি ক্লাস্টারের যুব সদস্যদের নিয়ে এই তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়।
র্যালি ও উদ্বোধন
বুধবার (৪ মার্চ) সকালে এসডিএফ জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খলিলগঞ্জ হাইস্কুল ও কলেজ মাঠে এসে শেষ হয়। পরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা যুব উন্নয়ন কো-অর্ডিনেটর জামিল চৌধুরী।
আলোচনা সভা ও অতিথিবৃন্দ
এসডিএফ’র রংপুর অঞ্চলের আরএম বারী আনসারির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
- মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার।
- আবু সৈয়দ মো: রেজাউল করিম, প্রিন্সিপাল, টিটিসি।
- মোঃ আলম আকবর, আরএম (লাইভলিহুড), এসডিএফ রংপুর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসডিএফ’র জেলা ব্যবস্থাপক শহিদুল ইসলাম এবং জেলা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা (আইসিবি) ছামছুননাহার।
মেলার আকর্ষণ ও কর্মসংস্থানের সুযোগ
মেলায় প্রায় ১০০ জন যুব সদস্য অংশগ্রহণ করেন। তারা নিজেদের উৎপাদিত পণ্যের স্টল সাজিয়ে পসরা বসান। এছাড়া বিভিন্ন ট্রেডে দক্ষতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের সুযোগ পান তারা। বিশেষ করে কর্মসংস্থানের লক্ষ্যে G4S এবং TMSS-এর জব প্লেসমেন্ট অফিসারের কাছে অনেক যুবক তাদের জীবনবৃত্তান্ত (CV) জমা দেন। মেলা শেষে খেলাধুলা ও লটারিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
