কবিরহাটে ঈদুল আজহা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
মোহাম্মাদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, বাজার ব্যবস্থাপনা, জননিরাপত্তা ও সেবার মান নিশ্চিতকরণে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টায় উপজেলা অডিটোরিয়াম কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূদম পুষ্প চাকমা।
সভায় ঈদকে সামনে রেখে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, বাজার তদারকি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং যানজট নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন মনজুর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাজালাল এবং পল্লী বিদ্যুতের ডিজিএম জসীম উদ্দিন। বক্তারা ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য বিভিন্ন চ্যালেঞ্জ ও তা মোকাবিলায় করণীয় বিষয়ে সুনির্দিষ্ট মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামালসহ উপজেলার ২৭টি স্থায়ী এবং নতুন ইজারা পাওয়া ১৩টি পশুর হাটের ইজারাদাররা উপস্থিত ছিলেন। সভায় হাটে শৃঙ্খলা বজায় রাখা ও জনভোগান্তি কমাতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের স্বস্তি ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে মাঠে কাজ করবে।
