এমপি হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্য এবং ‘ভুয়া ধর্ষণ ইস্যু’ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ ও ঝাড়ু মিছিল
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। উপজেলার হরনী ইউনিয়ন, পৌরসভা এলাকা এবং উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা হাতে ঝাড়ু নিয়ে এমপির বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতাকর্মীদের দাবি
বিক্ষোভকারীরা জানান, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে জাতীয় সংসদে এ ধরনের কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন বক্তব্য কাম্য নয়। এটি সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করার পাশাপাশি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। মিছিলে অংশগ্রহণকারীরা অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান।
বিএনপি নেতার বক্তব্য
এ বিষয়ে হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত বলেন, “ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল আচরণ এবং তথ্যভিত্তিক বক্তব্য প্রদান করা একজন সংসদ সদস্যের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।”
উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিগুলো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।
