মোহাম্মদ উল্যা নোয়াখালী জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওমর আলী রাজ বলেছেন, “বাংলাদেশে এমপি-মন্ত্রীরা দুর্নীতি বন্ধ করলে দেশ থেকে দুর্নীতি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।”
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নির্বাচনী এলাকায় গণসংযোগ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘দিতে এসেছি, নিতে নয়’
নিজের পরিচয় ও লক্ষ্য তুলে ধরে ওমর আলী রাজ বলেন, “আমি ছোটবেলা থেকে আমেরিকাতে পড়াশোনা করেছি এবং সেখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি বাংলাদেশে এসেছি আমার সৎভাবে অর্জিত আয়ের একটি অংশ মানবসেবায় খরচ করতে। আমি সুদূর আমেরিকা থেকে বাংলাদেশের মানুষকে দিতে এসেছি, নিতে আসিনি।” তিনি জানান, গত ১০ বছর ধরে তিনি এলাকায় দান-অনুদানের পাশাপাশি বেকার যুবকদের জন্য বিনা মূল্যে কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালনা করছেন।
ছাত্র রাজনীতি ও মেধা বিকাশ
শিক্ষার্থীদের নিয়ে তার ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, “স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা রাজনীতি করুক তা আমি চাই না। তাদের মেধা বিকাশের জন্য আমি এলাকায় বৃত্তি পরীক্ষা চালু করেছি। আমি নির্বাচিত হলে এই এলাকায় অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজি করতে কাউকে দেবো না।”
ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার
বিগত সময়ের বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা স্মরণ করিয়ে দিয়ে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, নির্বাচিত হলে এলাকায় বৃদ্ধাশ্রম, এতিমখানা এবং আধুনিক হাসপাতাল স্থাপন করার পরিকল্পনা রয়েছে তার। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সাধারণ জনগণ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। শেষে তিনি এলাকার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
